নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির নতুন কার্যবর্ষের যাত্রা শুরু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৪০, ২৭ জুলাই ২০২৬

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির নতুন কার্যবর্ষের যাত্রা শুরু

নারায়ণগঞ্জে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির কলার হ্যান্ডওভার ও নতুন কার্যবর্ষ (ইয়ার লঞ্চিং) উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্লাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়ার পাশাপাশি একজন অসচ্ছল ব্যক্তিকে স্বাবলম্বী করতে একটি ভ্যানগাড়ি ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

সোমবার (২৭ জুলাই) রাতে নগরীর চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের নতুন সাতজন সদস্যকে আনুষ্ঠানিকভাবে কলার পিন পরিয়ে সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ক্লাবের নিজস্ব তহবিল থেকে একজন অসচ্ছল ব্যক্তিকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি ভ্যানগাড়ি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সদ্য নির্বাচিত সভাপতি রোটারিয়ান আব্দুল কাদির জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইভেন্ট চেয়ার হিসেবে ছিলেন রোটারিয়ান জাহাঙ্গীর আলম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন ও কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্লাব থাকাই মূল বিষয় নয়, বরং ক্লাবগুলোর মাধ্যমে মানুষের কল্যাণে বাস্তবমুখী কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁদের ভাষ্য, শুধু বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া বা আনুষ্ঠানিকতা পালন নয়, সমাজের মানুষের উপকারে আসে—এমন উদ্যোগই একটি সংগঠনের প্রকৃত পরিচয়।

 

বক্তারা আরও বলেন, আর্তমানবতার সেবার মাধ্যমে এমন কাজ করতে হবে, যা মানুষের উপকারে আসে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যকর সামাজিক প্রকল্প বাস্তবায়ন করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

 

অনুষ্ঠানে উপস্থিত অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটরদের উদ্দেশে বক্তারা বলেন, ক্লাবগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও যথাযথ মূল্যায়ন করতে হবে। কে কার পরিচিত, তার ভিত্তিতে নয়; বরং কে কী কাজ করেছে, সেটিকেই স্বীকৃতির মানদণ্ড হিসেবে বিবেচনা করা উচিত।

 

তাঁরা বলেন, একটি ভালো সামাজিক প্রকল্প মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তাই সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মানবসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। একইসঙ্গে বক্তারা রোটারির সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. ইব্রাহিম শেখ, সাবেক সভাপতি রোটারিয়ান আশিক বাপ্পি, রোটারিয়ান তারেক ইউসুফ আনন্দ, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান রবিউল ইসলাম, রোটারিয়ান মাসুদ রানা, রোটারিয়ান কামরুল ইসলাম, রোটারিয়ান মোক্তার হোসেন, রোটারিয়ান পারভেজ সুমন, রোটারিয়ান বিপ্লব সাহা, রোটারিয়ান মফিজুল হক, রোটারিয়ান ইব্রাহিম হোসেন, রোটারিয়ান আমিনুর রহমান নিমেল এবং রোটারিয়ান আরিফুজ্জামান রবিনসহ ক্লাবের সদস্যরা।

 

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির নতুন সদস্য হিসেবে আমাদের সময়-এর সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান কাকন, আমাদের সময়-এর নারায়ণগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব, বেসরকারি চাকরিজীবী আবিদুজ্জামান আবিদ, ব্যবসায়ী কামাল আহমেদ এবং ফয়সাল আহমেদ রনিকে কলার পিন পরিয়ে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রদান করা হয়।