নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিজয়ী প্রার্থী আল আমিন কে অভিনন্দন জানালেন মুফতি মনির হোসাইন কাসেমী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বিজয়ী প্রার্থী আল আমিন কে অভিনন্দন জানালেন মুফতি মনির হোসাইন কাসেমী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৪ আসনে পরাজয়ের পর রাজনৈতিক সৌহার্দ্য ও গণতান্ত্রিক চর্চার বার্তা দিয়েছেন বিএনপি–জমিয়তে জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাস ভবমে ফতুল্লা থানা বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নারায়ণগঞ্জ–৪ আসনের বিজয়ী প্রার্থী আল-আমিন-কে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সময় মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আজ আমি তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে এসেছি। জনগণ যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, সেটুকু সম্মান দেখানোর সৎ সাহস আমাদের থাকা উচিত।”

তিনি আরও বলেন, বিজয়ী প্রার্থীর আনন্দের মুহূর্তে পাশে থাকতে চান এবং ভবিষ্যতে নারায়ণগঞ্জ–৪ আসনের জনগণের উন্নয়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি আরো বলেন“আগামী পাঁচ বছর আমরা তার সব ভালো কাজে সহযোগিতা করব। একই সঙ্গে যৌক্তিক বিষয়ে তার কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করি। দিনশেষে মিলেই নারায়ণগঞ্জ গড়তে হবে। ".

তিনি বলেন,“গণতন্ত্র ধরে রাখার যে চেষ্টা, সেটা আমরা শুরুতেই ভালোভাবে করতে পেরেছি। শুরু থেকেই আমরা বলেছি—জনগণের উন্নয়নে যিনি বিজয়ী হবেন, তার সঙ্গেই উন্নয়নের অংশীদার হতে চাই। দলমত নির্বিশেষে মতপার্থক্য থাকতে পারে, তবে সেই মতপার্থক্যের মধ্যেও আমরা ঐকমত্যে পৌঁছাতে চাই।”

এ সময় তিনি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জেলা পুলিশ প্রশাসন, সাংবাদিক, বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দসহ নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডঃ আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, ফতুল্লা থানা বিএনপির  সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদারসহ ফতুল্লা থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: