নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ফতুল্লা থানার লামাপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের পাশের বাসায় ভাড়া থাকতেন গ্রেপ্তারকৃত মো. সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই ওই পরিবারের বাসায় যাতায়াত করতেন এবং শিশুটিকে আদর-যত্ন করতেন।
অভিযোগ রয়েছে, গত ১২ জুন সকাল আনুমানিক ১১টার দিকে আদর করার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে যান সুজন ও মাজেদা। পরে তারা শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে শিশুটির পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার র্যাব-১১-এর শরণাপন্ন হলে র্যাবের সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৪ জুন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত সুজন ও মাজেদাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত ২ বছরের শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সুজন মিয়ার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর কালিকাপুর এলাকায় এবং মাজেদার বাড়ি চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায়। তবে তারা দুজনই ফতুল্লার লামাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।


































