নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত পল্লী বিদ্যুতের লাইনম্যান আল-আমিন (৩৫) চার দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আল-আমিন নরসিংদীর ঘোড়াশাল থানার দাঙ্গা গ্রামের বাসিন্দা এবং নারায়ণগঞ্জ-১ (বন্দর) পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর বন্দরের রূপালী আবাসিক এলাকার একটি বিকল ট্রান্সফর্মার মেরামতের কাজ করার সময় বিদ্যুতের খুঁটিতে উঠে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে তাঁর মরদেহ নরসিংদীর নিজ গ্রামে নেওয়া হয়। দাঙ্গা হাইস্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পল্লী বিদ্যুতের সহকর্মীরা অংশগ্রহণ করেন।
এই ঘটনায় সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


































