নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ জুলাই ২০২৬

বন্দরে হাত বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪২, ৮ জুলাই ২০২৬

বন্দরে হাত বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা 

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া সৈয়দ হোসেন পিয়াল (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি বন্দর থানায় রুজু করা হয়েছে।

এর আগে সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় একরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বাবা আবুল হোসেন জানান, রাত ৩টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তার ছেলে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের পেছনের ছোট জানালা দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফ পাঠান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সন্দেহজনক এবং হত্যাকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি জানান, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও পেছনের একটি ছোট জানালা খোলা ছিল, যেটি দিয়ে একজন মানুষের যাতায়াত সম্ভব। এছাড়া মরদেহের হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত বিষয়: