নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম লামাপাড়া গায়েন বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আফতাব আলীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালায়।
অভিযানে পশ্চিম লামাপাড়ার গায়েন বাড়িতে অবস্থিত জাহাঙ্গীর আলমের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মো. জাহাঙ্গীর আলম (৪৭)-কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি মৃত সামসু গায়েনের ছেলে এবং পশ্চিম লামাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মারামারি, প্রতারণা ও যৌতুক নিরোধ আইনসহ বিভিন্ন ধারায় ছয়টির বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


































