নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে তালাকের পর ঘরে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক সাবেক স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৮, ১৭ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে তালাকের পর ঘরে আটকে   রেখে গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক সাবেক স্বামী গ্রেপ্তার

গোল চিহ্নিত তানভীর, ডানে তার দুই সহযোগী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাকপ্রাপ্ত এক নারীকে দুইদিন ঘরে আটকে রেখে মারধর ও ধর্ষণের অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষক এ.এস.এম তানভীন সিদ্দীকিকে গ্রেপ্তার করেছে।  এসময় মাদকসেবনের সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের দক্ষিন কলাবাগ এলাকায় ভুক্তভোগী নারীকে নিয়ে অভিযুক্ত তানভীরের বাসায় অভিযান চালায় পুলিশ । সেখানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাইলোগেট এলাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ধর্ষণ মামলায় তানভীর সিদ্দীকিকে এবং মাদকের মামলায় তার দুই সহযোগীকে আদালতে পাঠায় পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকার বাসিন্দা হিপা তুজ জান্নাত (২৯) অভিযোগ করেন, ২০১৫ সালের ১৫ মে ইসলামী শরিয়াহ মোতাবেক এ.এস.এম তানভীন সিদ্দীকির সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

মামলার ভুক্তভোগী নারী উল্লেখ করেন, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ভরণ-পোষণ দেওয়া বন্ধ করে দেন এবং বিভিন্ন সময় তুচ্ছ বিষয় নিয়ে গালাগালি, শারীরিক নির্যাতন ও যৌতুকের দাবিতে মারধর করতেন। এছাড়া অভিযুক্ত তানভীর মাদকাসক্ত এবং একাধিক নারীর সঙ্গে পরকীয়ায়।

 দীর্ঘদিন নির্যাতনের পর হিপা তুজ জান্নাত ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি স্বামীকে তালাক দেন। এরপর থেকে সন্তানদের নিয়ে আলাদা বসবাস করে আসছিলেন। তবে তালাকের পরও অভিযুক্ত তানভীর বিভিন্ন সময় তার বাসায় এসে হুমকি-ধমকি ও মারধর করতেন।

এক পর্যায়ে গত ১৩ জুলাই সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্ত তানভীর নেশাগ্রস্ত অবস্থায় তার বাসায় প্রবেশ করে তাকে মারধর করে এবং একটি কক্ষে জিম্মি করে রাখে। পরবর্তীতে ১৫ জুলাই ভোর ৫টার দিকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালে অভিযুক্ত তানভীর তাকে ও তার সন্তানদের প্রাণনাশের হুমকি দেন এবং চাকরিতে বাধা দেওয়ারও হুমকি প্রদান করেন। তানভীরের উগ্র আচরণের কারণে নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে ভুক্তভোগী হিপা তুজ জান্নাত শঙ্কিত বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই শাহ আলম জানান, এজাহারভুক্ত আসামি তানভীরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।