নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ৪৩ পুড়িয়া গাঁজাসহ মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে ফতুল্লা থানাধীন কাশীপুর খিল মার্কেট এলাকার গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে জনৈক সৈকত হাসান ইকবালের মালিকানাধীন ‘রাবেয়া ট্রেডার্স’ নামের একটি অফিস কক্ষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় কাগজে মোড়ানো ৪৩ পুড়িয়া গাঁজাসহ নুরুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল ইসলামের বাড়ি ফতুল্লা থানার কাশীপুর মধ্যপাড়া এলাকায়। অভিযান শেষে উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানার বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


































