গাইবান্ধায় এক তরুণের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জেরে অপহরণের শিকার হয়েছিল অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী। ঘটনার প্রায় দেড় মাস পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-১৩। একই সঙ্গে অভিযুক্ত তরুণকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার তরুণের নাম মেহেদুল ইসলাম (১৯)। তিনি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। উদ্ধার হওয়া স্কুলছাত্রী সাদুল্লাপুর উপজেলার কিশামত শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর পাশাপাশি সে স্থানীয় তারবিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসায় আরবি বিষয়ে পড়াশোনা করত।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে রোববার (২ আগস্ট) দুপুরে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল মরাখালপাড় এলাকার আল মদিনা মসজিদের কাছ থেকে মেহেদুলকে গ্রেফতার করে র্যাব। এ সময় সেখান থেকেই উদ্ধার করা হয় নিখোঁজ স্কুলছাত্রীকে। অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


































