নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: মূলহোতা মাইকেল ও তার ছেলে গ্রেপ্তার, ৩ ছুরি উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:১১, ১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: মূলহোতা মাইকেল ও তার ছেলে গ্রেপ্তার, ৩ ছুরি উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩২) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামি নূর হোসেন ওরফে মাইকেল (৪০) ও তার ছেলে মো. আপন (২০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে সজীবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকজন। হামলায় গুরুতর আহত সজীবকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা শিরিনা আক্তার শিরিন বাদী হয়ে ছয়জনকে এজাহারনামীয় আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও সোর্সের তথ্যের ভিত্তিতে কুমিল্লা ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় ৩০ আগস্ট সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নন্দালাপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি নূর হোসেন ওরফে মাইকেল এবং ২ নম্বর আসামি তার ছেলে মো. আপনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং তাদের দেখানো মতে ৩১ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন উত্তর মদিনাবাগ খালপাড় রাস্তার মাথায় খালের পানির মধ্য থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই আসামিকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন