নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই, নারী আটক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৯, ২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই, নারী আটক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাগবাড়ি এলাকায় অবস্থিত ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় এক নারীকে আটক করেছেন হাসপাতালে দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম মোসাঃ আসমা বেগম। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনার চর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. মনির বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চিকিৎসাধীন এক রোগীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন আসমা বেগম। বিষয়টি টের পেয়ে হাসপাতালে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে ধাওয়া করেন। পরে হাসপাতাল প্রাঙ্গণেই তাকে আটক করতে সক্ষম হন তারা।

আটকের পর ওই নারীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।

এ বিষয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাজিউর রহমান বলেন, “এই হাসপাতালে আগে থেকেই বিভিন্ন ধরনের সমস্যা ছিল। হাসপাতালে আনসার সদস্য মোতায়েনের পর থেকে নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রায় দুই সপ্তাহ আগে এক ছেলেকে মাদকসহ আনসার সদস্যরা আটক করেছিলেন। আজও একজন রোগীর চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় একজন নারীকে আটক করা হয়েছে। হাসপাতালে আনসার সদস্য মোতায়েন করায় রোগী ও স্বজনদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা অনেক উপকার পাচ্ছি।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আনসার সদস্যদের নিয়মিত দায়িত্ব পালনের ফলে হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় জোরদার হয়েছে। রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: