নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় দস্যুতার প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, সুইচ গিয়ার ও মোটরসাইকেল উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০০, ২ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় দস্যুতার প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩,  সুইচ গিয়ার ও মোটরসাইকেল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় দস্যুতার প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার ও একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে ফতুল্লা থানা এলাকার একটি পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—শিমুল আহম্মেদ (২৭), রুবেল (৩৪) ও মো. শহিদ (৩০)। শিমুল ও রুবেল ফতুল্লার কায়েমপুর এলাকার বাসিন্দা। অপর আসামি শহিদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা এলাকায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় শিমুলের কোমর থেকে একটি সুইচ গিয়ার, রুবেলের কোমর থেকে আরেকটি সুইচ গিয়ার এবং শহিদের কাছ থেকে লাল-কালো রঙের একটি পুরাতন টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার হওয়া মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর CE7AM2X05367 এবং চেসিস নম্বর PS637AE7XM6K60088।

 

এজাহারে পুলিশ আরও দাবি করেছে, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় পথচারী, রিকশা, মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে চলাচলকারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও লুটপাটের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বের মামলা থাকার তথ্যও এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

পুলিশের ভাষ্য, ঘটনার সময় গ্রেপ্তার তিনজন দেশীয় ধারালো অস্ত্রসহ দস্যুতা সংঘটনের উদ্দেশ্যে একত্রিত হয়েছিল।

 

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৩ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: