নারায়ণগঞ্জের রূপগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত (১২)কে অপহরণের পর হত্যার দায়ে চাচা মাসুম বিল্লাহ (২৯)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে আরো ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মানিক মিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুর জেলার নেছারাবাদের বলদিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি রূপগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন।
নিহত শিশু শিক্ষার্থী রিফাতও একই এলাকায় তার পরিবারের সঙ্গে থাকতেন। রিফাতের গ্রামের বাড়িও একই গ্রামে।
মামলার নথিসূত্রে জানা যায়, রূপগঞ্জের স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত গত বছরের ৩০ মার্চ দুপুরে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন ভোররাতে স্থানীয় একটি কারখানার পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাদীপক্ষের আইনজীবী মানিক মিয়া বলেন, শিশুটিকে অপহরণ করে তার চাচা (বাবার ফুফাতো ভাই) মাসুম বিল্লাহ। সে ভুক্তভোগীর মায়ের কাছে মুঠোফোনে ৪০ হাজার টাকাও দাবি করেন। মুক্তিপণের টাকা না দেওয়াতে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করার অভিযোগ বিচার কার্যে প্রমাণিত হয়েছে।
ঘটনার পর মাসুম বিল্লাহ পিরোজপুর থানায় আত্মসমর্পন করে এবং পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, রায়ের পর বিকেলে দণ্ডপ্রাপ্ত আসামিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


































