নারায়ণগঞ্জ প্রতিনিধি: আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু সহনশীল জীবিকার সুযোগ তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
Climate Resilient Campus Initiative-এর আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের প্রথম ব্যাচে ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। প্রশিক্ষণে মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদন ও পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা, সংগ্রহ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
আয়োজকরা জানান, মাশরুম চাষের জন্য তুলনামূলকভাবে কম জায়গা প্রয়োজন হওয়ায় শহর ও শহরতলির তরুণদের জন্য এটি আত্মকর্মসংস্থানের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। স্বল্প পরিসরে শুরু করে ধীরে ধীরে উৎপাদন বাড়ানোর সুযোগ থাকায় আগ্রহী তরুণ-তরুণীরা মাশরুম চাষের মাধ্যমে বিকল্প আয়ের উৎস তৈরি করতে পারেন।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের শুধু মাশরুম উৎপাদনের কৌশল শেখানো নয়, উৎপাদিত মাশরুম বাজারজাত করে কীভাবে আয় করা যায়, সে বিষয়েও ধারণা দেওয়া হবে। ফলে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোগে মাশরুম চাষ শুরু করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে বিকল্প ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই Climate Resilient Campus Initiative-এর আওতায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাশরুম চাষের এই প্রশিক্ষণ তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই জীবিকা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


































