নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ১১ বছরের শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ১১ বছরের শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে আতিয়া নামে ১১ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, আতিয়ার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে গত শনিবার বিকেল ৫টার দিকে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় মাহেলা খাতুন মহিলা মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে লামিয়া (১৩) ও জিদনী (১৪) গুরুতর অবস্থায় একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাদের শরীরের যথাক্রমে ৫৫ শতাংশ ও ৮২ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ছাড়া সুমাইয়া (১৩) ও আছিয়া (১২) চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরের যথাক্রমে ১৩ শতাংশ ও ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ঘটনার সময় মাদ্রাসার চারতলা ভবনের ছাদে খেলছিল কয়েকজন শিক্ষার্থী। তাদের সঙ্গে খাওয়ার জন্য আখও ছিল। ছাদের ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের সঞ্চালন লাইন চলে গেছে। 

অসাবধানতাবশত আখ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিকট শব্দে ঝলকানি ও আগুনের সৃষ্টি হয়। এতে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হন।

পরে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় লোকজন আহত শিক্ষার্থীদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

সম্পর্কিত বিষয়: