নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০২ নভেম্বর ২০২৬

বিস্কুটের প্যাকেটে গাঁজা, সোনারগাঁয়ে নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১১:০৫, ২ নভেম্বর ২০২৬

বিস্কুটের প্যাকেটে গাঁজা, সোনারগাঁয়ে নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিস্কুটের প্যাকেটের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে গাঁজা পাচারের সময় মোছা. আকলিমা (২২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তার সঙ্গে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট তল্লাশি করে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানাধীন বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়।

 

এসআরবি-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা সন্দেহভাজন আকলিমাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও সঙ্গে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট তল্লাশি করে ভেতর থেকে ৪ কেজি ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার আকলিমা ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাশীরামপুর এলাকার বাসিন্দা। তিনি রাজেশ সিকদারের স্ত্রী।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আকলিমা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকের বড় চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

 

এ ঘটনায় গ্রেপ্তার আকলিমার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।