নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযানে ডাকাত দলের প্রধান মো. আসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে বন্দর থানাসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে আসলাম তার সহযোগী মো. আলমগীরকেও (৩৭) গ্রেপ্তার করা হয়। আসলাম বন্দরের মনারবাড়ী এলাকার মৃত আলী হোসেনের ছেলে ও আলমগীর নোয়াদ্দা এলাকার আবদুর রশিদ মিয়ার ছেলে ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের অংশগ্রহণে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই বিনয় বাড়ৈর নেতৃত্বে পুলিশের একটি দল আসলামকে এবং এসআই লুৎফর রহমানের নেতৃত্বে অপর একটি দল আলমগীরকে গ্রেপ্তার করে।
বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, বন্দর থানায় ২০২৪ সালের ১ অক্টোবর দায়ের করা একটি ডাকাতি মামলায় (মামলা নং-২, জিআর নং-৩০৪) দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় আসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।


































