নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১২ নভেম্বর ২০২৬

বহিষ্কার, ১১ মাস পর দলে ফেরা, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগের মধ্যেই আবারও বিএনপির সব পদ স্থগিত

সিদ্ধিরগঞ্জে ইকবালকে ঘিরে বিতর্কের শেষ কোথায়?

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৪৮, ১২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইকবালকে ঘিরে বিতর্কের শেষ কোথায়?

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেনকে ঘিরে রাজনৈতিক ও স্থানীয় অঙ্গনে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। কখনো সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগে দল থেকে বহিষ্কার, আবার প্রায় ১১ মাস পর দলে প্রত্যাবর্তন, এরপর জমি দখল, মারধর, চাঁদা দাবি ও নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের মতো একের পর এক অভিযোগে নতুন করে আলোচনায় আসেন তিনি।

 

সর্বশেষ বুধবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে তাঁর প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

কিন্তু কে এই ইকবাল? কীভাবে তাঁর রাজনৈতিক উত্থান, কেন বহিষ্কার হয়েছিলেন, কীভাবে আবার দলে ফিরেছিলেন এবং সর্বশেষ কী ধরনের অভিযোগে আবারও সাংগঠনিক ব্যবস্থার মুখে পড়লেন—এসব ঘটনা নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় প্রথম বহিষ্কার

 

২০২৪ সালের ১৩ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ রুটের একটি বাসে বাকবিতণ্ডার জেরে সাংবাদিক মিনহাজ আমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তৎকালীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে।

 

এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে সমালোচনা তৈরি হলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইকবালকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

 

ঘটনাটি নিয়ে সে সময় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ব্যাপক সংবাদ প্রকাশিত হয়। বাসচালককে মারধর এবং সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগও উঠে আসে গণমাধ্যমে।

 

১১ মাস পর আবারও দলে প্রত্যাবর্তন

 

বহিষ্কারের প্রায় ১১ মাস পর ২০২৫ সালের ১৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

 

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে পুনরায় বিএনপির প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে নেওয়ার কথা জানানো হয়।

 

তবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে তাঁকে শুধু প্রাথমিক সদস্য পদে পুনর্বহালের কথা উল্লেখ করা হয়েছিল। ফলে তাঁর আগের সাধারণ সম্পাদক পদ ফিরে পাওয়া নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়।

 

এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলতে থাকে। ইকবাল অবশ্য তখন গণমাধ্যমকে জানিয়েছিলেন, সাংবাদিক মিনহাজ আমানের সঙ্গে তাঁর লোকজনের ভুল বোঝাবুঝির কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।

 

জমি নিয়ে বিরোধ ও দখলের অভিযোগ

 

দলে ফেরার পরও ইকবালকে ঘিরে জমি-সংক্রান্ত বিরোধ ও নানা অভিযোগ সামনে আসতে থাকে।

 

২০২৫ সালের ১০ মে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক এলাকায় এক ব্যক্তির জমিতে নির্মাণকাজে বাধা, দেয়াল ভাঙচুর ও শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে তাঁর পরিচয় ব্যবহারকারী ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিক জালাল উদ্দিন থানায় অভিযোগ করেন। তবে ইকবাল ওই ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে জানিয়েছিলেন, তাঁর কোনো লোক সেখানে যায়নি।

 

এরপর ২০২৬ সালের ৪ জুন সাইনবোর্ড মিতালী মার্কেট সংলগ্ন প্রায় তিন বিঘা জমি দখলের অভিযোগে ইকবাল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে আদালত কারণ দর্শানোর নির্দেশ দেন। জমিটির মালিকানা দাবি করেন চৌরঙ্গী ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তার মিয়া।

 

 

সরকারি ভূমি কর্মকর্তার সামনে মারধরের অভিযোগ

 

২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর ফতুল্লার রঘুনাথপুর এলাকায় জমি নিয়ে বিরোধের ঘটনায় ইকবাল হোসেনের বিরুদ্ধে নতুন করে গুরুতর অভিযোগ ওঠে।

 

ভুক্তভোগী কাশেম মোল্লা ও তাঁর স্ত্রী কুহিনুর আক্তার পাপিয়ার অভিযোগ, তাঁদের কেনা জমিতে ইকবাল ও তাঁর সহযোগীরা মালিকানা দাবি করে সাইনবোর্ড স্থাপন করেন। পরে সরকারি ভূমি কর্মকর্তার উপস্থিতিতে জমি পরিদর্শনের সময় কাশেম মোল্লাকে মারধর করেন ইকবাল ও তার লোকজন। স্ত্রী বাধা দিতে গেলে তাঁকেও মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

 

এ ঘটনায় কুহিনুর আক্তার পাপিয়া ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেন। 

 

ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

 

৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ভাঙচুরের ঘটনায় নতুন বিতর্ক

 

ইকবালকে ঘিরে সর্বশেষ আলোচিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মো. শাহাদাৎ হোসেন সানুর নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের ঘটনা।

 

অভিযোগ অনুযায়ী, গত ৭ অক্টোবর জমিতে নির্মাণকাজ চালিয়ে যেতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে সমস্যা হবে বলে হুমকি দেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগী।

 

এরপর গত ২৯ অক্টোবর রাতে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী ধনু হাজী রোড এলাকায় নির্মাণাধীন স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে ইকবাল ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে।

 

ভুক্তভোগীর দাবি, প্রায় ১৪ হাজার ইট দিয়ে নির্মাণ করা দোকান ও ঘর ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় ইকবালসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৬০ থেকে ৭০ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়।

 

এ ঘটনায় স্থানীয় লোকজন পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন বলে ভুক্তভোগীর দাবি। তবে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা এমএ হালিম জুয়েল ঘটনাটিকে দুই পক্ষের জমি-সংক্রান্ত বিরোধ হিসেবে উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।

 

এ বিষয়ে ইকবাল হোসেনের বক্তব্য জানতে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

 

এবার আবারও বিএনপির সব পদ স্থগিত

 

একাধিক অভিযোগ ও বিতর্কের মধ্যেই বুধবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা বিএনপি ইকবাল হোসেনের বিরুদ্ধে নতুন সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে।

 

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মো. ইকবাল হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। এর অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছেও পাঠানো হয়েছে।

 

 

প্রশ্নের মুখে রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক জবাবদিহি

 

একদিকে রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক পদ, অন্যদিকে জমি নিয়ে বিরোধ, মারধর, চাঁদা দাবি ও ভাঙচুরের মতো অভিযোগ—সব মিলিয়ে ইকবাল হোসেনকে ঘিরে সিদ্ধিরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা আলোচনা।

 

অতীতে বহিষ্কার, পরে পুনর্বহাল এবং সর্বশেষ আবারও সব পদ স্থগিতের ঘটনায় দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক জবাবদিহির বিষয়টিও সামনে এসেছে।

 

এখন দেখার বিষয়, সর্বশেষ সাংগঠনিক সিদ্ধান্তের পর ইকবাল হোসেনের রাজনৈতিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় এবং তাঁর বিরুদ্ধে ওঠা জমি-সংক্রান্ত ও অন্যান্য অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় কী অগ্রগতি হয়।

সম্পর্কিত বিষয়: