একটি বাটন মোবাইল ফোন চুরির অপবাদে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছরের কিশোরী আফরিন ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেছে। শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যাওয়া আফরিন শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত আফরিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁওয়ের কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরার মেয়ে।
পরিবার ও মামলার সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর একটি বাটন মোবাইল ফোন চুরির অপবাদে প্রতিবেশী মামা জাকির হোসেন ও তাঁর স্ত্রী সোনিয়ার বিরুদ্ধে আফরিনের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ ওঠে। এতে তার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর পরবর্তী সময়ে বাড়িতেও তার চিকিৎসা চলছিল। দীর্ঘ ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে শিশুটি।
এ ঘটনায় আফরিনের পরিবারের পক্ষ থেকে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মামা ও মামীসহ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আফরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় আগেই মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর মৃত্যুর পর মামলায় হত্যাকাণ্ড-সংক্রান্ত ধারা সংযোজন করা হবে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
একটি মোবাইল ফোন চুরির অপবাদে ১৩ বছরের কিশোরীর ওপর এমন নির্মম নির্যাতন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।


































