নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৯ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:০৮, ১৯ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়ে এই ঘটনা ঘটে। এতে ট্রাকটি পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে আসা খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে এসে দাঁড়ায়। খড় নামানোর অপেক্ষায় চালক ও তার সহকারী ট্রাকের ভেতর ঘুমিয়ে ছিলেন। সকাল সাড়ে ৫টার দিকে এক নারী পথচারী ট্রাকে আগুন দেখতে পেয়ে তাঁদের ডেকে তোলেন। ওই নারীর ভাষ্য, এর আগে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

 

আগুন থেকে ট্রাকটি রক্ষার চেষ্টা করতে চালক সেটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান। পরে সড়কের পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ট্রাকের সব খড় পুড়ে যায়।

 

 খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা-পুলিশ।