নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৩ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ঝুটবোঝাই ট্রাকে আগুন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:১০, ২৩ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ঝুটবোঝাই ট্রাকে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে পার্ক করে রাখা ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাকটির চালকের দাবি, পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে পার্ক করে রাখা ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন। এরপর আগুন জ্বলতে শুরু করলে তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান।

 

ক্ষতিগ্রস্ত ট্রাকটির চালক মামুন বলেন, চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে করে পোশাক কারখানার ঝুট নিয়ে তারা নারায়ণগঞ্জে এসেছিলেন। ভোর চারটার দিকে লিংক রোডের পাশে ট্রাকগুলো পার্ক করে তারা ঘুমিয়ে পড়েন। পরে আগুনের খবর পেয়ে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখেন। আগুনে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হবে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।