বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সমর্থন না পেয়ে এখন হতাশা থেকে নানা আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠে অনুষ্ঠিত ফতুল্লা থানা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান জাফির তুহিন বলেন, “যারা নির্বাচনের আগে ধর্মপ্রাণ মুসলমানদের জান্নাতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও জনগণের সমর্থনে ক্ষমতায় যেতে পারেনি, তারা এখন হতাশা থেকে নানা আন্দোলনের বক্তব্য দিচ্ছে। বিএনপিকে ষড়যন্ত্র করে কখনোই সরানো সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না।”
তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ জনগণকে অনেক প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে সেই সংকটময় অবস্থা থেকে উত্তরণে ভূমিকা রেখেছিলেন।
বক্তব্যে তিনি আরও বলেন, এরশাদ ও শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ সময় ধরে বিএনপিকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছে। গত ১৭ বছরে বিএনপির লক্ষাধিক নেতাকর্মী গুম, হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াতের সমালোচনা করে তুহিন বলেন, “এখন একটি শক্তি ধর্মের দোহাই দিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো ষড়যন্ত্র করেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ করছে। এছাড়া ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও উল্লেখ করেন। তিনি দাবি করেন, কৃষক দল বিএনপির অঙ্গসংগঠনগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয়ভাবে কাজ করেছে এবং গত দুই বছরে সংগঠনটির বিরুদ্ধে বড় ধরনের কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া ও মামুনুর রশিদ খান, সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হোসেন কামাল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং ফতুল্লা থানা যুবদলের সাবেক সভাপতি মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ পর্বে জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন জুয়েল আরমানকে সভাপতি এবং সুমন আহমেদকে সাধারণ সম্পাদক করে ফতুল্লা থানা কৃষক দলের ৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।


































