সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম এবং তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর এ আয়োজন করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলাওয়াতেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে একজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে একটি হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের একতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিচ্যুত হননি এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ তাদের জীবনে পাথেয় হয়ে থাকবে। এ সময় তিনি বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর মৃত্যুর বিষয়ে রাজনৈতিক অভিযোগও তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক যুবদল সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন ও নুরুল হক চৌধুরী দিপুসহ নেতৃবৃন্দ।
বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিব্বির আহমেদ।
দোয়া মাহফিল শেষে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি একজন প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
এ সময় সাবেক যুবদল নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, জুয়েল রানা, সুমন ভূইয়া, রানা মুন্সী, মো. মুসা, মো. মিঠু, রাসেল আহম্মেদ মনির, ইমন, ওসমান গনি, কুতুবউদ্দিন, আকরাম পলাশ, মাসুম খন্দকার, মাসুদ আহম্মেদ, রাজীব, খোকন গাজী, জসিম, ইসলাম, নাহিদ পারভেজ, নিপু ও সোহেল শেখসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

































