নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩০ আগস্ট ২০২৬

রয়েল রিসোর্টে ‘হত্যার নীলনকশা’ করেছিল আওয়ামী লীগ: মামুনুল হক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১৯, ২৯ আগস্ট ২০২৬

রয়েল রিসোর্টে ‘হত্যার নীলনকশা’ করেছিল আওয়ামী লীগ: মামুনুল হক

২০২১ সালে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে পরিকল্পিতভাবে হত্যার নীলনকশা করা হয়েছিল বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক। তবে সেই নীলনকশা করতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরাই ফেঁসে গিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

 

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফতে মজলিসের উদ্যোগে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত প্রয়াত মাওলানা ইকবাল হোসাইন স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মামুনুল হক বলেন, “ওইদিন তৌহিদী জনতার তোপের মুখে পড়ে বাঁচার জন্য আকুতি-মিনতি করতে হয়েছিল। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে রয়েল রিসোর্টে খুঁজে পাওয়া যায়নি। বাড়িঘর ফেলে তারা পালাতে বাধ্য হয়েছেন।”

 

তিনি আরও বলেন, তৌহিদী জনতার কণ্ঠরোধ করতে তৎকালীন সরকার মিথ্যা মামলার পথ বেছে নিয়েছিল। বর্তমান সরকার ২০২১ সালের রয়েল রিসোর্টের ঘটনাসহ হেফাজতে ইসলামের বিভিন্ন মামলা প্রত্যাহার করেছে বলেও দাবি করেন তিনি।

 

রয়েল রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলায় খেলাফত মজলিসের সোনারগাঁ থানা কমিটির তৎকালীন সভাপতি প্রয়াত মাওলানা ইকবাল হোসাইনের গ্রেপ্তার ও কারাবরণের প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, তিনি পরবর্তীতে “নির্মম হত্যাকাণ্ডের শিকার” হয়েছেন।

 

বাংলাদেশ খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান।

 

অনুষ্ঠানে খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রয়াত মাওলানা ইকবাল হোসাইনের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।