চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, চুয়েটের উপাচার্যকে শিক্ষার্থী ও শিক্ষকেরা চান না। ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে ব্যবহার করে তাঁকে পদে থাকতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “চুয়েটের ভিসি গুন্ডা। শিক্ষার্থীরা, শিক্ষকেরাও তাকে চায় না। ছাত্রদলের কয়েকজন গুন্ডা দিয়ে চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। ন্যূনতম লজ্জা, ব্যক্তিত্ব নাই।”
চুয়েটের উপাচার্যের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন সার্কিট হাউসে বসে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ও উপাচার্যের অবস্থান নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
সারের ডিলার নিয়োগপ্রক্রিয়া নিয়ে সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, সাম্প্রতিক নিয়োগপ্রক্রিয়ায় সংসদ সদস্যদের ছেলে, মেয়ে ও শ্যালিকারাও ডিলারশিপ পেয়েছেন বলে দেখা গেছে।
তিনি বলেন, “এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এই কার্ড আগে নেবে। বাংলাদেশের অবস্থাটাই এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে।”
সরকারি সুযোগ-সুবিধা বণ্টন ও নিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষের পরিবর্তে জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাচ্ছেনÑএমন অভিযোগ তুলে তিনি এসব মন্তব্য করেন।
তরুণ প্রজন্মের প্রত্যাশা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, জেন-জি প্রজন্ম এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সরকারি সুযোগ-সুবিধা ও নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতির পরিবর্তে যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করার প্রত্যাশাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, “এই নিচু মন-মানসিকতার উপরে উঠে আমরা জেন-জি জেনারেশন যারা আছি, যোগ্যতা এবং মেধাকে সর্বোচ্চ জায়গায় প্রাধান্য দিয়ে একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যাশাই করি। সে ক্ষেত্রে আপনাদের সহায়তা চাই, আমরা চাই আপনারা আমাদের সহায়তা করবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের সরদার, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠান শেষে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।


































