ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটিতে হাফেজ সোহেল সরকারকে সভাপতি ও হাফেজ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মহানগর কমিটিতে মাওলানা আব্দুর রশীদকে সভাপতি ও মুহাম্মাদ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসাসংলগ্ন গ্রীন গার্ডেন অডিটরিয়ামে আয়োজিত জেলা ও মহানগর সম্মেলনে নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
ঘোষিত জেলা কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন—সহসভাপতি হাফেজ রুহুল আমীন। মহানগর কমিটিতে সহসভাপতি মুহাম্মাদ আবুল বাশার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পীর সাহেব চরমোনাই। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আব্দুর রশীদ। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন কাজ করছে। যুবসমাজ একটি জাতির সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারলে দেশ ও জাতির ইতিবাচক পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। সততা, আমানতদারি ও মানুষের সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। দেশ ও মানুষের কল্যাণে শিক্ষিত, দক্ষ ও সৎ নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগের সন্ত্রাসীরা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আগুন সন্ত্রাস ও মব সৃষ্টির মাধ্যমে শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চলছে। এসব অপতৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করতে যুব আন্দোলনের দায়িত্বশীলদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনের শেষ পর্যায়ে পীর সাহেব চরমোনাই বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের জেলা ও মহানগর শাখার নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন। পরে নবনির্বাচিত দায়িত্বশীলরা শপথ গ্রহণ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।


































