নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৪ নভেম্বর ২০২৬

ফতুল্লার দক্ষিণ শিয়াচরে এনসিপির উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩৮, ২৪ নভেম্বর ২০২৬

ফতুল্লার দক্ষিণ শিয়াচরে এনসিপির উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ শিয়াচর লালখাঁ এলাকায় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে লালখাঁ এলাকায় এনসিপির কার্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম শুরু হয়। এতে এলাকার বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারীর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন নাফিসা হোমিও এন্ড পলিপাস সেন্টারের চিকিৎসক ডা. মো. মোস্তফা রহমান (ডিএইচএমএস, ঢাকা)। এ সময় হোমিওপ্যাথিক চিকিৎসাসহ নাকের পলিপাস ও বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সদস্য সচিব সোহাইল ইসলাম ইফতি। তিনি বলেন, সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় লালখাঁ এলাকার অসহায় ও সাধারণ মানুষের জন্য এ ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এনসিপি ফতুল্লা থানা যুগ্ম সদস্য সচিব মো. তারেক বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। অর্থনৈতিক সংকট ও সঠিক পরামর্শের অভাবে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। সকাল থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁদের অনুপ্রাণিত করেছে।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা এনসিপি নেতা রাসেল সরদার, নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপি নেতা হাজী মো. হানিফ মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সম্পর্কিত বিষয়: