মাদক ও কিশোর গ্যাংয়ে জড়িত ‘গডফাদারদের’ চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে পুলিশ সদরদপ্তরে এক পর্যালোচনা সভায় এ নির্দেশনা দিয়েছেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান।
সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও বিভিন্ন জেলার পুলিশ সুপাররা ভিডিওকলে যুক্ত ছিলেন বলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনকালে জনগণের সঙ্গে মানবিক আচরণ করার নির্দেশনা দেন তিনি। সেইসঙ্গে ডাকাতি মামলা রেকর্ড ও ঘটনা দ্রুত উদঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশও দেন তিনি।
ধর্ষণ মামলা নিয়ে অতিরিক্ত আইজিপি সায়েদুর বলেন, “এসব মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করতে হবে, যাতে বিচারে সাজার হার বাড়ে।”


































