জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা এবং শিক্ষার্থীদের হাফ পাস ৪০ টাকা করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহা ও সাধারণ সম্পাদক সৌরভ সেন এ ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ছিল ৫৫ টাকা। এর অর্ধেক হিসাবে শিক্ষার্থীদের ভাড়া হওয়ার কথা ২৭ টাকা ৫০ পয়সা হলেও তাদের কাছ থেকে ৩৫ টাকা নেওয়া হতো। বর্তমানে বাসভাড়া ৬০ টাকা করা হলে অর্ধেক ভাড়া ৩০ টাকা হওয়ার কথা। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা আদায় করা হচ্ছে।
তাদের দাবি, শিক্ষার্থীদের কাছ থেকে আগে নির্ধারিত হারের চেয়ে ৭ টাকা ৫০ পয়সা বেশি নেওয়া হলেও বর্তমানে অতিরিক্ত ১০ টাকা আদায় করা হচ্ছে। এটি শিক্ষার্থীদের ওপর অযৌক্তিক ভাড়ার বোঝা চাপিয়ে দেওয়ার শামিল।
নেতৃবৃন্দ আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে শিল্প, কৃষি, পরিবহন ও খাদ্যসহ বিভিন্ন খাতে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ব্যয় বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে দাবি করা হয়, সরকার কিলোমিটারপ্রতি বাসভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি। এর মধ্যেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস মালিকরা কোনো ধরনের আলোচনা ছাড়াই একতরফাভাবে ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করেছেন।
ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দের দাবি, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বৃদ্ধির হিসাবে পুরো রুটে ভাড়া সর্বোচ্চ ৩ টাকা ৪০ পয়সা বাড়ার কথা। তাই একলাফে ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা আদায়ের যৌক্তিকতা নেই।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন অবিলম্বে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বর্ধিত বাসভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের হাফ পাস ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে।
দাবি বাস্তবায়ন না হলে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা


































