রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়া সরেনের মৃত্যুর সঠিক ও নিরপেক্ষ তদন্ত এবং ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নারায়ণগঞ্জ, সমাজ অনুশীলন কেন্দ্র এবং তিতাস সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে পৃথকভাবে এসব স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে রিয়া সরেনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সকল তথ্য-উপাত্ত যথাযথভাবে সংরক্ষণ ও যাচাইয়ের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহিদুল হক দিপু, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, এডভোকেট মোস্তফা করিম, রঘু অভিজিৎ রায়, সালাউদ্দিন আহমেদ, কবি জিয়াবুল ইবন এবং সাঁওতাল যুবক দানিয়েল মারান্ডি।
বক্তারা বলেন, রিয়া সরেনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ উঠেছে। এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরা এবং কেউ দায়ী হয়ে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে নিহত রিয়ার পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।
তারা আরও বলেন, একজন কিশোরীর মৃত্যুর ঘটনায় কোনো ধরনের প্রভাব, চাপ বা পক্ষপাত ছাড়াই তদন্ত সম্পন্ন করা প্রয়োজন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই এ বিষয়ে জনমনে সৃষ্ট প্রশ্নের নিরসন সম্ভব।


































