নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১ সদস্যসহ গ্রেপ্তার ৪৭

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০১:১৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১ সদস্যসহ গ্রেপ্তার ৪৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলাজুড়ে পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার সাতটি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একযোগে স্ব স্ব এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সোনারগাঁও থানা পুলিশ ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, এক মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ছয় আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৩.৩ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি, এক মাদকসেবী ও পরোয়ানাভুক্ত তিন আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানা পুলিশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে রূপগঞ্জ থানা পুলিশ দুই মাদকসেবী, পরোয়ানাভুক্ত এক আসামি ও নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যসহ ছয়জনকে এবং বন্দর থানা পুলিশ দুই মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুই আসামি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। পাশাপাশি ডিবি পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের আরও এক সদস্য গ্রেপ্তার হয়।

জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদক ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।