নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬

বিশ্ব বসতি দিবসে পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার তাগিদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৭, ৫ অক্টোবর ২০২৬

বিশ্ব বসতি দিবসে পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার তাগিদ

আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিবসটির বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘বিশ্ব বসতি দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করার অঙ্গীকার। আজকের পরিকল্পনাই নির্ধারণ করবে আগামী দিনে আমাদের শহর কতটা বাসযোগ্য হবে।’

এছাড়া জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি । 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, ‘অপরিকল্পিত নগরায়নের কারণে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা ও যানজট বড় সমস্যা বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রকৃতি বাঁচিয়ে নগর গড়তে চাই। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ একটি মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছে, যেখানে জলাধার সংরক্ষণ, উন্মুক্ত স্থান ও নিরাপদ আবাসনকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’

সভায় জলাবদ্ধতা নিরসন, পরিবেশ ও জলাধার রক্ষা, উন্মুক্ত স্থান সংরক্ষণ, নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো.সোহেল রানা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।