নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ জুলাই ২০২৬

২১ দিন ধরে হাসপাতালে প্রবীণ ফটো সাংবাদিক আমির হোসেন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৫৩, ৫ জুলাই ২০২৬

২১ দিন ধরে হাসপাতালে প্রবীণ ফটো সাংবাদিক আমির হোসেন

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ক্যামেরার লেন্সে মানুষের সুখ-দুঃখ, সমাজের নানা বাস্তবতা ও সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরেছেন প্রবীণ ফটো সাংবাদিক মো. আমির হোসেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি নিজেই হাসপাতালের শয্যায় জীবনযুদ্ধ লড়ছেন।

টাইফয়েড জ্বরসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গত ২১ দিন ধরে তিনি বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ ওয়ার্ডের (১) ২০১ নম্বর কক্ষের ৯ নম্বর শয্যায় ভর্তি আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ জুন হঠাৎ তীব্র টাইফয়েড জ্বরে আক্রান্ত হন বন্দর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও প্রবীণ এই ফটো সাংবাদিক। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৫ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

রোববার (৫ জুলাই) দুপুরে তাঁর কয়েকজন সহকর্মী হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নেন। এ সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকা, একের পর এক পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তাঁর সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে। বর্তমানে চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা ব্যয় বহন করাও তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতালের শয্যায় শুয়ে অশ্রুসজল চোখে মো. আমির হোসেন বলেন, "সারা জীবন মানুষের কথা তুলে ধরেছি। আজ আমি নিজেই অসহায়। সমাজের বিত্তবান মানুষ, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের কাছে আমার চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছি।"

তাঁর পরিবার ও সহকর্মীরা সমাজের হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিত্তবানদের প্রতি এগিয়ে এসে প্রবীণ এই সাংবাদিকের চিকিৎসায় সহায়তার আন্তরিক আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত বিষয়: