নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ জুলাই ২০২৬

জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৩৯, ৬ জুলাই ২০২৬

জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জের বন্দরের জাঙ্গাল আইলপাড়ায় স্থানীয় সামাজিক সংগঠন ‘ন্যায় নীতি আদর্শ সংগঠন’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা শিল্পী জাহাঙ্গীর আলম ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস এবং হেল্প হাসপাতালের চেয়ারম্যান ডা. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওমর ফারুক।

এ সময় সংগঠনের সহ-সভাপতি হেলাল হোসেন (আদনান), সাধারণ সম্পাদক ওমর শরিফ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য সচিব শরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজিব হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক তরুণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের উপদেষ্টা শিল্পী জাহাঙ্গীর আলম ইমন সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য এবং গত এক বছরের বিভিন্ন সামাজিক কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সংগঠনটি এক হাজার বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে।

ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, “বৃক্ষ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বাতাস নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ হোক আমাদের সামাজিক দায়িত্ব।”

হেল্প হাসপাতালের চেয়ারম্যান ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, “মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেনের প্রধান উৎস গাছ। গাছ যেমন বিশুদ্ধ বাতাস দেয়, তেমনি পরিবেশ দূষণ কমিয়ে সুস্থ জীবন নিশ্চিত করতে সহায়তা করে। তাই নিজের স্বাস্থ্য ও আগামী প্রজন্মের কল্যাণে বেশি বেশি গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করা আমাদের সবার দায়িত্ব।”

কবি, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস বলেন, “জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ পৃথিবীকে শীতল রাখে, কার্বন শোষণ করে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিমগাছ পরিবেশকে নির্মল রাখতে সহায়ক, আর প্রতিটি অঞ্চলের মৌসুমি ফল সেই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখে। তাই প্রকৃতি ও মানুষকে বাঁচাতে আমাদের সবাইকে আরও বেশি করে গাছ লাগাতে হবে।”

অনুষ্ঠান শেষে সংগঠনের উদ্যোগে জাঙ্গাল আইলপাড়া এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সম্পর্কিত বিষয়: