নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।
সভায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, হাসপাতালের বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হাসপাতালে রোগ নির্ণয়ের সুবিধা আরও বাড়াতে একটি ইকো মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
এছাড়া সভায় ডেঙ্গু, হামসহ বিভিন্ন সংক্রামক রোগের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসব রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. আলাউল কবির দিপুসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


































