নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬

ফতুল্লায় আমিন স্কয়ার বিডিকে ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৫৫, ৯ মার্চ ২০২৬

ফতুল্লায় আমিন স্কয়ার বিডিকে ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুমোদন ছাড়া বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে ‘আমিন স্কয়ার বিডি’ নামের একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ মার্চ) ফতুল্লার নয়ামাটি এলাকায় অবস্থিত ওই কারখানায় জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে জেলা প্রশাসনের সঙ্গে র‍্যাব-১১ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেন।  

অভিযান টিমের তথ্যমতে, কারখানাটিতে বিএসটিআই লাইসেন্স ছাড়াই সেমাই, আর্টিফিশিয়াল ড্রিংক এবং এডিবল জেলসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল। এছাড়া উৎপাদন ও প্যাকেটজাত করার সময় শ্রমিকরা কোনো স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ব্যবহার করছিলেন না।

অভিযানে আরও দেখা যায়, খাদ্যপণ্য অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে সংরক্ষণ করা হচ্ছিল এবং পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের প্রমাণও পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় দোষ স্বীকারের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, র‍্যাব-১১ নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান এবং নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহজাহান হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল র‍্যাব-১১ ও জেলা পুলিশের দুটি টিম।