নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ফতুল্লা থানাকে বিভক্ত করে একটি নতুন থানা প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব পাঠিয়েছেন বলে জানিয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের আগে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কাশীপুর ইউনিয়নের হাটখোলা বড় মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য জানান।
এ সময় তিনি মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে বলেন, "মসজিদ আল্লাহর ঘর, এটি কোনো রাজনৈতিক দলের নয়। তাই মসজিদ, পঞ্চায়েত ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের বাইরে রেখে ইমাম, আলেম ও সমাজের সম্মানিত ব্যক্তিদের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে সংসদ সদস্য বলেন, কাশীপুর এলাকার প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে জলাবদ্ধতা, মাদক, ছিনতাই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এসব কোনো নির্দিষ্ট দলের সমস্যা নয়; বরং পুরো সমাজের সমস্যা। তাই দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে এসব সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানান তিনি।
ফতুল্লা থানার বিষয়ে তিনি বলেন, থানাটির ভৌগোলিক পরিধি ও জনসংখ্যা অনেক বেশি হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। এ বাস্তবতা বিবেচনায় ফতুল্লা থানাকে বিভক্ত করে একটি নতুন থানা প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে।
উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, সরকারি ও সামাজিক সব উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে পরিচালিত প্রতিটি ন্যায়সংগত উদ্যোগে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন।
বক্তব্য শেষে সংসদ সদস্য জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।


































