নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৮ আগস্ট ২০২৬

বন্দরে ডালিম হত্যা মামলার প্রধান আসামি শিহাব হাবিব গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৩, ৭ আগস্ট ২০২৬

বন্দরে ডালিম হত্যা মামলার প্রধান আসামি শিহাব হাবিব গ্রেপ্তার

বামে গ্রেফতার হাবিব

নারায়ণগঞ্জের বন্দরে আমির হোসেন ডালিম (৩৬) হত্যা মামলার প্রধান আসামি শিহাব হাবিবকে (২৪) গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত শিহাব হাবিব বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার বছির আহাম্মদ মিয়ার ছেলে। নিহত আমির হোসেন ডালিম একই উপজেলার আলীসারদী এলাকার মৃত জসিম উদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের বড় ভাই রমজান হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শিহাব হাবিবকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। মামলাটি পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আমির হোসেন ডালিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায়ও ভুগছিলেন বলে পরিবারের দাবি। একই এলাকার বাসিন্দা হওয়ায় ডালিম ও শিহাব হাবিবের মধ্যে পূর্ব পরিচয় ছিল। অভিযোগ অনুযায়ী, মাদকসংক্রান্ত বিরোধের জেরে গত বুধবার (৫ আগস্ট) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়ার শুভকরদী এলাকায় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এজাহারে উল্লেখ করা হয়, ওই রাতে ডালিমকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে পেটের বাম পাশে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৫টা ২১ মিনিটে তিনি মারা যান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর ১ নম্বর খেয়াঘাট এলাকার একটি ডকইয়ার্ডে অভিযান চালিয়ে প্রধান আসামি শিহাব হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।