নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৮ আগস্ট ২০২৬

বন্দরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৪, ৭ আগস্ট ২০২৬

বন্দরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশু সহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছরের ছেলে মারুফ (৮)। 

স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন।

ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ঘটনাটি সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে অনুসন্ধান চলছে বলেও তিনি জানান।

স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণের শব্দ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আহত অবস্থায় ছটফট করতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

তাদের ধারণা গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এবং ওই বিস্ফোরণ থেকে আগুনে তারা দগ্ধ হয়েছে।

সম্পর্কিত বিষয়: