ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে ‘ফটো এক্সিবিশন-২৬’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনীতে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচি, রাজপথের আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে তাদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিভিন্ন ব্যানার ও প্রদর্শনী বোর্ড স্থাপন করা হয়।
প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সংগঠনটির নেতাকর্মী, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা প্রদর্শনীটি পরিদর্শন করেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. আবুল হাশিম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামী ছাত্র আন্দোলন ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।
প্রদর্শনীতে সংগঠনের মহানগর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, সাংগঠনিক সম্পাদক মুহা. মেহেদী হাসানসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


































