নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৯ আগস্ট ২০২৬

ফতুল্লায় সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে হাতাহাতি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৪, ১৯ আগস্ট ২০২৬

ফতুল্লায় সরকারি জমি দখল  নিয়ে বিএনপির দুই গ্রুপে হাতাহাতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে জমি দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

 

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ফতুল্লার চাঁনমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে স্থানীয়রা শতাধিক দোকানঘর নির্মাণ করেছিলেন। বুধবার দুপুর থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।

 

অভিযানের সময় ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ দলটির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। একই সময়ে চাষাঢ়া টেক্সটাইল/টেক্সি স্ট্যান্ডের কয়েকজন নেতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুকে সঙ্গে নিয়ে সেখানে আসেন।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্ট্যান্ডের নেতারা উচ্ছেদ শেষে চাষাঢ়ার স্ট্যান্ডটি চাঁনমারী এলাকায় স্থানান্তরের বিষয়ে কথা বললে ফতুল্লা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু ও তার সঙ্গে থাকা লোকজন সেখান থেকে চলে যান।

 

এ বিষয়ে আবু আল ইউসুফ খান টিপু বলেন, উচ্ছেদ অভিযানের সময় যারা অযথা ঝগড়া করতে চেয়েছিল, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে টেক্সি স্ট্যান্ডটি যে জায়গায় রয়েছে, সেটি সেনাবাহিনীর জমি। তাই স্ট্যান্ডটি চাঁনমারীর সড়ক ও জনপথ বিভাগের জমিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ এতে বাধা দিলে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

 

অন্যদিকে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ বলেন, সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানকে তিনি সমর্থন করেন। তবে উচ্ছেদের সুযোগ নিয়ে কেউ নিজস্ব স্বার্থ হাসিলের জন্য সেখানে অন্যায়ভাবে কোনো স্থাপনা বা কার্যক্রম করতে চাইলে তা মেনে নেওয়া হবে না।

 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার দাস বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: