নারায়ণগঞ্জের বন্দরে ৩২ পুরিয়া গাঁজাসহ শীতল (২৮) নামে এক যুবককে আটক করেছে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মদনগঞ্জ ট্রলারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নূরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মদনগঞ্জ ট্রলারঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি সবুজ পালিয়ে গেলেও শীতলকে আটক করা সম্ভব হয়।
আটক শীতল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদনগর এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শীতল জানিয়েছে, ‘ল্যাংড়া শহীদ’-এর কাছ থেকে গাঁজা সংগ্রহ করে সে বিক্রি করছিল।
এ ঘটনায় শীতলের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
শীতলকে আটকের ঘটনায় মাহমুদনগর এলাকার স্থানীয় বাসিন্দারা মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নূরুল ইসলামের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন এবং তাকে সাধুবাদ জানিয়েছেন।


































