ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, আট রাউন্ড গুলি, ১০০ গ্রাম হেরোইনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাব জানায়, ১৭ আগস্ট ২০২৬ রাত সাড়ে ২টার দিকে র্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন একটি বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে রনি ভূঁইয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যবহৃত ওয়ারড্রব থেকে নিজ হাতে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, আট রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইন বের করে দেয় বলে জানিয়েছে র্যাব।
পরবর্তীতে তার বাসায় তল্লাশি চালিয়ে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, গ্রেপ্তার রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার ডেমরা থানার মধ্য হাজীনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
র্যাব আরও জানায়, রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার ডেমরাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে বলেও জানানো হয়।
অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
গ্রেপ্তার রনি ভূঁইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


































