বায়ুদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার (১৬ আগস্ট) নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমার নেতৃত্বে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম অভিযানে অংশ নেয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন। এ সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—
আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিলকুনি, কুতুবপুর, ফতুল্লা—১ লাখ টাকা;
মেসার্স আল বাকারা স্টিল ও রি-রোলিং মিলস লিমিটেড, পিলকুনি, কুতুবপুর, ফতুল্লা—৩০ হাজার টাকা; এবং
সাজ্জাদ ইন্টারলাইনিং, নন্দলালপুর, কুতুবপুর, ফতুল্লা—১০ হাজার টাকা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































