১৫ আগস্ট ‘ইসলামী শিক্ষা দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে বক্তব্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমজাদ হোসাইন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় সূরা আল-ইমরানের ১৬৯ নম্বর আয়াতের উদ্ধৃতি তুলে ধরে ইসলামী শিক্ষার গুরুত্ব ও বীর শহীদদের অবদানের কথা স্মরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল জব্বার শহীদ আবদুল মালেকের ঐতিহাসিক অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে নৈতিকতাভিত্তিক ইসলামী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।
তিনি তরুণ সমাজকে সততা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


































