নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৬ আগস্ট ২০২৬

আড়াইহাজারে মদপানে দুই যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৪৬, ১৫ আগস্ট ২০২৬

আড়াইহাজারে মদপানে দুই যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে নিহতদের মধ্যে একজনের মৃত্যু মদপানজনিত বলে পুলিশ নিশ্চিত করলেও অপরজনের পরিবার তার মদপানের বিষয়টি অস্বীকার করেছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

 

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় মদপানের পর অসুস্থ হয়ে পড়েন মুসা (৩৬) ও লোকমান (২২)।

 

পরিস্থিতির অবনতি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুসাকে মৃত ঘোষণা করেন।

 

অপরদিকে লোকমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শনিবার রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত মুসা ডহর মারুয়াদী এলাকার সিদ্দিকের ছেলে এবং লোকমান একই এলাকার আলকাজের ছেলে।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া লোকমানের মৃত্যু মদপানজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে মুসার পরিবার তার মৃত্যুতে মদপানের বিষয়টি অস্বীকার করে দাবি করছে, তিনি স্বাভাবিকভাবেই মারা গেছেন।

 

ওসি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।