নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৬ আগস্ট ২০২৬

ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:৩৮, ১৬ আগস্ট ২০২৬

ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইকও উদ্ধার করা হয়।

রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ছিনতাই ও মাদকের স্পট হিসেবে পরিচিত স্থান থেকে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে নির্মাণাধীন ভবনটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

সম্পর্কিত বিষয়: