নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬

মাদক ও কিশোর গ্যাং সমাজের ভয়াবহ ব্যাধি: আবদুল জব্বার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১৪, ১৪ আগস্ট ২০২৬

মাদক ও কিশোর গ্যাং সমাজের ভয়াবহ ব্যাধি: আবদুল জব্বার

বর্তমান সমাজে ‘মাদক ও কিশোর গ্যাং’ এক ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে আত্মপ্রকাশ করেছে উল্লেখ করে এসবের বিরুদ্ধে অভিভাবক ও সমাজের দায়িত্বশীল সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

 

শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পূর্বে ফতুল্লার কায়েমপুর পুরাতন জামে মসজিদে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনায় মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

 

আলোচনায় কেন্দ্রীয় কর্মপরিষদ ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর বলেন, "আমাদের উদীয়মান তরুণ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মাদক, মাদকের নীল ছোবল। পাড়া-মহল্লায় অপসংস্কৃতি, মাদকাসক্তি এবং কিশোরদের অপরাধমূলক তৎপরতা সামাজিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।"

 

তিনি আরও বলেন, "কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে এই ব্যাধি নির্মূল করা সম্ভব নয়। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে মূল ভূমিকা পালন করতে হবে। সন্তানরা কোথায় যায়, কার সঙ্গে মেলামেশা করে—সে বিষয়ে অভিভাবকদের সবসময় সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।"

 

নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, "কিশোরদের সঠিক পথে রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কিশোর-যুবকরা যেন সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে, সেই পরিবেশ আমাদেরই তৈরি করতে হবে।"

 

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমামসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: