নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি চুন কারখানার তিনটি ভাট্টির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে গ্যাস সংযোগবিহীন একটি নির্মাণাধীন অবৈধ ভাট্টি এক্সক্যাভেটর দিয়ে ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১৬ আগস্ট) উপজেলার ইছাপাড়া, প্রতাপেরচর, গোলাবাড়ী ও পিরোজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে তিতাস গ্যাসের জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাট। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।
অভিযানকালে দুটি চুন কারখানার তিনটি ভাট্টির গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়। এসব ভাট্টিতে ঘণ্টায় প্রায় ৬ হাজার ঘনফুট গ্যাস ব্যবহার করা হতো। তিতাস গ্যাস কর্তৃপক্ষের দাবি, সংযোগ বিচ্ছিন্ন করার ফলে প্রতিদিন আনুমানিক ১ লাখ ২৪ হাজার ৩৬০ টাকার গ্যাস সাশ্রয় হবে।
এ সময় চারটি এয়ার মিক্স বার্ণার জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারে সংযুক্ত প্রায় ৩৫০ ফুট হোজ পাইপ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।
অন্যদিকে, পিরোজপুরের আমবাগান এলাকায় গ্যাস সংযোগ না থাকলেও নির্মাণাধীন একটি ভাট্টি পাওয়া যায়। পরে এক্সক্যাভেটর দিয়ে সেটি ভেঙে দেওয়া হয়।
অভিযানে কাউকে জরিমানা বা গ্রেপ্তার করা হয়নি। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট কারখানার মালিকদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে জেল-জরিমানা করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট জমির মালিক ও কারখানা পরিচালকদের বিরুদ্ধে এর আগেও সোনারগাঁও থানায় একাধিক মামলা ও এফআইআর করা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অপব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































