নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় চার আসামিসহ বিভিন্ন মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার চারজন হলেন—সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির বউবাজার এলাকার নাইম হোসেন (২৫), ইকবাল হোসেন (২১), আব্দুল্লাহ (২৪) ও আলেক শাহ (২৮)। তারা ওই মামলার এজাহারনামীয় আসামি।
এ ছাড়া অন্যান্য মামলার এজাহারনামীয় আসামি সোয়েব হাসান সজীবকে (৩৫) শনিবার (১৫ আগস্ট) রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ভোর সোয়া ৪টার দিকে উত্তর আজিবপুর বাগানবাড়ি এলাকা থেকে সোহাগ (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, জিআর পরোয়ানাভুক্ত আসামি সুমনকে রোববার সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযান পরিচালনা করে মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পুলিশের ওপর হামলার মামলার চারজন এজাহারনামীয় আসামি রয়েছেন।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিদ্ধিরগঞ্জে মাদক, সন্ত্রাস, অস্ত্রসহ বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
ওসি জানান, গ্রেপ্তার সাত আসামিকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


































